লালপুরে আড়াই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

লালপুরে আড়াই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে আড়াই কেজি (২ কেজি ৫০০ গ্রাম) গাঁজা, গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটক দুজন গাইবান্ধার সাদুল্যাপুর থেকে গাঁজা নিয়ে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।
আটকরা হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইসবপুর গ্রামের মো. আহসান হাবীব (৪৫), উত্তর ফরিদপুর গ্রামের মোছা. আরফিনা বেগম (৩৪) এবং নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মো. রাজিব শেখ (৩৫)। আহসান হাবীব ও আরফিনা বেগম স্বামী-স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) রাতভর লালপুর থানা এলাকায় পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম চলছিল। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপালপুর বেলগেটসংলগ্ন হযরত শাহ সুফী বোরহান উদ্দিন বাগদাদী (রহ.) ওরফে বুড়া পীর সাহেবের মাজার জামে মসজিদ ও দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার সামনে চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ।
এ সময় বনপাড়ার দিক থেকে আসা একটি Discover 100cc মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। মোটরসাইকেলের চালক ও পেছনে থাকা নারী আরোহীর মাঝখানে একটি নেভি ব্লু রঙের জিন্স কাপড়ের লেডিস ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর পলিথিন ও স্বচ্ছ টেপে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে মোট ২ কেজি ৫০০ গ্রাম (আড়াই কেজি) শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মোটরসাইকেল চালক মো. আহসান হাবীব ও নারী আরোহী মোছা. আরফিনা বেগমকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজার পাশাপাশি একটি মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের তিনটি মোবাইল ফোন ও গাঁজা বহনে ব্যবহৃত ব্যাগটি জব্দ করা হয়। আটক দুজনকে জিজ্ঞাসাবাদে গাঁজা সরবরাহের সঙ্গে লালপুরের মো. রাজিব শেখের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে লালপুরের মনিহারপুর এলাকায় তার শ্বশুরের বাড়ি থেকে রাজিব শেখকে আটক করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা করেছেন। মামলা নম্বর-০৬/২৬। পরে শনিবার (৮ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি শফিকুল ইসলাম আরও জানান, পুলিশের রেকর্ড অনুযায়ী, আটক আহসান হাবীবের বিরুদ্ধে গাইবান্ধা, কুড়িগ্রাম ও বগুড়ার বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতন, দণ্ডবিধি এবং অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। অপর আটক রাজিব শেখের বিরুদ্ধেও কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।


















