বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু
- আপডেট সময় : ০৮:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৪২৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় স্বামীর ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবনের পর নাজমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাজমা বেগম উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুর ১২টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে নাজমা বেগম গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে পরিবারের সদস্যরা তাকে দুপুর ৩টার দিকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাজমা বেগমের সঠিক কারন খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গৃহবধূ নাজমা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


















