নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড
- আপডেট সময় : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহনের মামলায় রাজন আলী নামে ২৮ বছর বয়সী এক যুবককে পৃথক দুই ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাটোর আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সাইফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রাজন আলী রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকার ফিরোজাবাদ গ্রামের কেতাব আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ জুন রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় রাজশাহী থেকে পাবনাগামী মেহেদী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে একটি ব্যাগে রাখা দুটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ রাজন আলীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে সদর থানায় হস্তান্তর করা হয়।
নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু জানান, মামলাটিতে দীর্ঘ প্রায় চার বছর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত রাজন আলীকে পৃথক দুই ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
তিনি আরও জানান, রায়ে বলা হয়েছে, দুই ধারায় দেওয়া সাজা একই সঙ্গে কার্যকর হবে। একই সঙ্গে মামলার বিচার চলাকালে রাজনের যে হাজতবাস হয়েছে, তা সাজা থেকে বাদ যাবে।



















