বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫
- আপডেট সময় : ০৮:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে দেশ ট্রাভেলস ও তাবাসুম পরিবহনের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মিঠুন আলী (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধা ৬ টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন আলী নাটোর সদরের তেয়াবড়িয়া এলাকার বাসিন্ধা ও তাবাসুম পরিবহনের চালকের সহকারি বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার বিকেলে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে নাটোরের দিক থেকে আসা তাবাসুম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাবাসুম পরিবহনের হেলপার মিঠুন আলী নিহত হন এবং দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেন এবং আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।






















