নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক
- আপডেট সময় : ০৩:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় গেদি বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভটভোটিসহ চালককে আটক করেছে পুলিশ।
নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বনি ইসরাইলের স্ত্রী। আটক ভটভোটি চালক হলেন নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম শিবপুর এলাকার নুরুর ছেলে কাইসার (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১তার দিকে গেদি বেগম একটি অটোরিকশায় করে নলডাঙ্গার পাটুল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপাতিল রেলব্রিজসংলগ্ন এলাকায় ওমিদুল শেখের করাতকলের উত্তর পাশে নলডাঙ্গা-পাটুল পাকা সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত চার চাকার পাটবোঝাই ভটভোটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় গেদি বেগম অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে অতিরিক্ত রক্তক্ষণের কারণে ঘটনাস্থলেই মারা যান গেদি বেগম।
খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি চালকসহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





















