বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩
- আপডেট সময় : ১১:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর বাজার থেকে শুরু হওয়া সংঘর্ষ পরে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গড়ায়। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে জয়ন্তীপুর এলাকার আতাহার আলীর দুই ছেলে মোস্তফা ও মশিউর হাসপাতালে ভর্তি রয়েছেন। মোস্তফা মুদি ও খুচরা সার ব্যবসায়ী। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জয়ন্তীপুর বাজার এলাকার আশরাফ আলীর ছেলে ও চায়ের দোকানদার শামিম হোসেনের সঙ্গে মুদি দোকানদার মোস্তফার ৪৫ টাকার চায়ের বিল নিয়ে প্রথমে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে বিষয়টি উভয় পক্ষের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসার জন্য বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানেও দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের লোকজন হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষ উত্তেজিত হয়ে মারামারিতে জড়িয়ে পড়লে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহতদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস বলেন,রতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।











