পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
- আপডেট সময় : ১১:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন এবং জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন।
সভায় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, তথ্যপ্রবাহের এ যুগে তথ্য অধিকার আইনের মাধ্যমে সরকার জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করেছে। প্রতিটি সরকারি অফিসে তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নিয়ম অনুসরণ করে যে কেউ প্রয়োজনীয় তথ্য চাইতে ও সংগ্রহ করতে পারবেন।
তবে তথ্য দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বার্থ যাতে বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আলোচনায় বক্তারা আদালতের রায় বা ডিক্রি সংক্রান্ত নকল সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগের বিষয়টি তুলে ধরেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়।
সাংবাদিকরা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য পেতে নানা সমস্যার সম্মুখীন হন বলেও সভায় উল্লেখ করা হয়। জাতীয় স্বার্থে সংবাদকর্মীদের প্রয়োজনীয় তথ্য প্রদানে সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় আরও বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক মোঃ কামরুল ইসলাম কামু, সাংবাদিক রাজিউর রহমান রাজু, সাংবাদিক লুৎফর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দীন।



















