বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক
- আপডেট সময় : ১০:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৫৮ বার পড়া হয়েছে

বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় স্বামী জহুরুল ইসলামের হাঁসুয়ার কোপে জুসি খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুসি খাতুন ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী ও নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের লোকমানপুর এলাকার নিমতলা গ্রামের লুৎফর রহমানের মেয়ে। জহুরুল ইসলাম খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। তাদের ৮ বছরের ছেলে জিহাদ ও দেড় বছরের ছেলে জয়েন রয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে এনজিওর কিস্তির টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে জুসি ও তার স্বামী জহুরুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। কিস্তির টাকা নিতে এনজিওর লোকজন বাড়িতে এলে টাকা দিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে ধারালো হাঁসুয়া দিয়ে স্ত্রী জুসি খাতুনের গলায় কোপ দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় চায়ের দোকানি রফিকুল ও ফরহাদ জানান, ঘটনার পর রক্তমাখা হাঁসুয়া হাতে নিয়ে জহুরুল তাদের চায়ের দোকানে গিয়ে বসে। সেখানে তিনি বলেন, আজ থেকে আমি স্বাধীন। এরপর সেখান থেকে সে চলে যায়।
খোর্দ্দ বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য রিমেল আলী বলেন, কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।
বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।



















