পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক কম্পিউটার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাড়ি থেকে বের হওয়ার পর বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ ও সিআইডির সদস্যরা তদন্ত শুরু করেছেন।
নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় পরিবার নিয়ে নিজস্ব বাড়িতে বসবাস করছিলেন। পঞ্চগড় সদর থানার সামনে তার একটি কম্পিউটার কম্পোজের দোকান ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে পারিবারিক কোনো কারণে ক্ষুব্ধ হয়ে রেজাউল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
বুধবার সকালে তুলারডাঙ্গা এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশের একটি খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।























