মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার
রাজশাহীর মোহনপুরে পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার করিশা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে শেফালী বেগমকে হত্যা করে বাড়ির পাশের একটি পানের বরজে মরদেহ ফেলে রাখা হয়। মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তার সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে শনাক্ত করা হয়।
পরে রোববার সকালে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ও এসআরবি সদস্যরা যৌথ অভিযান চালান। এ সময় করিশা গ্রামের ইমদাদের পানের বরজ থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম।
মোহনপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, নিহত নারীর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।






















