কোচিংয়ে পরীক্ষায় পাস করা যায়, নৈতিক শিক্ষা অর্জনে নিয়মিত ক্লাস জরুরি- প্রতিমন্ত্রী ফরহাদ
- আপডেট সময় : ০৯:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

কোচিংয়ে পরীক্ষায় পাস করা যায়, নৈতিক শিক্ষা অর্জনে নিয়মিত ক্লাস জরুরি- প্রতিমন্ত্রী ফরহাদ
কোচিংয়ের মাধ্যমে পরীক্ষায় পাস করা সম্ভব হলেও নৈতিক শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজের নবীনবরণ, সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘শরীরচর্চায় সুস্থতা, সাহিত্যে মননশীলতা, সংস্কৃতিতে বিকশিত হোক মানবিক সত্তা’ প্রতিপাদ্যে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, কোচিংয়ে কেবল পরীক্ষায় পাস করার কৌশল শেখানো হয়। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষকেরা পাঠ্যবইয়ের বাইরেও সমাজ, রাষ্ট্র ও জীবনবোধ সম্পর্কে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা দেন। তাই নৈতিক শিক্ষা অর্জনে কোচিংনির্ভরতা কমিয়ে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।
শ্রেণিকক্ষের গুরুত্ব তুলে ধরে তিনি পেশাজীবীদের নৈতিক অবক্ষয়ের সমালোচনা করেন। তিনি বলেন, ভিজিট ছাড়া রোগী না দেখা কিংবা ঘুষ ছাড়া কাজ না করার মতো মানসিকতা থেকে বেরিয়ে আসতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের জ্ঞানদানের বিকল্প নেই।
নাগরিক সচেতনতার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে গেলে আমরা নিয়ম মেনে চলি, অথচ দেশে যেখানে-সেখানে ময়লা ফেলি। ২০২৪ সালে দেশে ফেরার পর রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবহৃত টিস্যু রাস্তায় না ফেলে পকেটে তুলে রেখেছিলেন বলে উল্লেখ করেন তিনি। পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় শীর্ষ নেতৃত্বের এমন আচরণ সবার জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন।
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সুস্থ সংস্কৃতিচর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় পাথরাজ সরকারি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ সাজ্জাদ ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ অনেকে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথিকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।






















