লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ছোট বিলশলিয়া গ্রামের ফজলুর রহমান ওরফে সোনার ছেলে নাটোর জেলা যুবলীগের সাবেক সদস্য, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য এবং আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০)।
অন্যরা হলেন, বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মৃত এছার উদ্দীন মণ্ডলের ছেলে শামিম আহমেদ (৫০), বালিতিতা মহেশপুর গ্রামের মো. আলাউদ্দীন সরদারের ছেলে ইব্রাহিম সরদার ওরফে শুকুর (৫৬) এবং গোপালপুর বাজার এলাকার কাজী জয়নুল আবেদীনের ছেলে আনোয়ারুল আজিম ওরফে বাপ্পি (৫১)। শামিম ও ইব্রাহিম উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য এবং আনোয়ারুল আজিম গোপালপুর পৌর যুবলীগের সাবেক সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লালপুর থানার ১৮ নভেম্বরের ২৪ নম্বর মামলায় সাইফুল ইসলাম ও আনোয়ারুল আজিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার জিআর নম্বর ৩৪৩/২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৬(২)(আ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।
তিনি আরও জানান, অন্যদিকে, ১৭ নভেম্বরের ২১ নম্বর মামলায় শামিম আহমেদ ও ইব্রাহিম সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার জিআর নম্বর ৩৪০/২০২৬। এ মামলাতেও সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর একই ধারায় অভিযোগ আনা হয়েছে।
ওসি শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শামিম আহমেদকে, ইব্রাহিম সরদারকে রাত সাড়ে ৯টার দিকে এবং সাইফুল ইসলামকে রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারুল আজিমকেও রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার চারজনকে শুক্রবার (২০ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়।





















