দেবীগঞ্জে সুপ্রিম কোর্টের আইনজীবী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে সুপ্রিম কোর্টের আইনজীবী গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছে পুলিশ; সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ
পঞ্চগড়ের দেবীগঞ্জে আব্দে ওয়াহিদ আল ওয়াহিদি নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দেবীগঞ্জ পৌরসভার চৌরাস্তা সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবীগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার আব্দে ওয়াহিদ পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে দেবীগঞ্জ থানায় দায়ের করা কোনো মামলার এজাহারনামীয় আসামি ছিলেন না তিনি বলে নিশ্চিত করেছে সূত্রটি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দে ওয়াহিদ ঢাকায় আইন পেশায় নিয়োজিত। ২০২৪ সালের ২৪ জুন পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী নিহত হন। এরপর থেকে ছোট দুই মেয়েকে গ্রামের বাড়িতে দাদা-দাদির কাছে রেখে ঢাকায় থাকতেন তিনি। সন্তানদের সঙ্গে দেখা করতে প্রতি সপ্তাহে ঢাকা থেকে দেবীগঞ্জে নিজ বাড়িতে আসতেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ঢাকায় আইন পেশায় যুক্ত হন আব্দে ওয়াহিদ। ২০২২ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন তিনি।
দেবীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই বাবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দে ওয়াহিদকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।





















