পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন
- আপডেট সময় : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন
দীর্ঘ পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন আনসারী (২৯)। পথ ভুলে বাংলাদেশে প্রবেশের পর কুষ্টিয়ার এক ব্যক্তির তত্ত্বাবধানে ছিলেন তিনি। এ সময় পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন খায়রুদ্দীন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ার পর কূটনৈতিক উদ্যোগে পরিচয় শনাক্ত হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। খায়রুদ্দীন নেপালের প্রদেশ-২-এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারীর ছেলে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, খায়রুদ্দীন মানসিক ভারসাম্যহীন। প্রায় পাঁচ বছর আগে তিনি কোন সীমান্তপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তা বলতে পারেননি।
তিনি জানান, পাঁচ বছর আগে কুষ্টিয়ার এক ব্যক্তি তাকে পেয়ে নিজের তত্ত্বাবধানে রাখেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুদ্দীনের ছবি ও বাংলাদেশে তার অবস্থানের তথ্য প্রচার করা হলে তার পরিচয় শনাক্ত হয়।
এরপর বাংলাদেশ ও নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের দূতাবাসের উদ্যোগে প্রয়োজনীয় নথিপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দেশে ফেরার জন্য তাকে ট্রাভেল পাস দেওয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে তাকে নেপালে ফেরত পাঠানো হয়।
প্রত্যাবাসনের সময় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সূরাজ আমগাইন, বাংলাবান্ধা বিওপির বিজিবি সদস্য, ভারতের ফুলবাড়ী বিওপির বিএসএফ সদস্য এবং বাংলাবান্ধা ও ফুলবাড়ী ইমিগ্রেশন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই দেশের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বাংলাবান্ধা-ফুলবাড়ী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে খায়রুদ্দীনকে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তবে নেপাল দূতাবাসের কর্মকর্তারা তাকে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানানো হয়।
এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা দিয়ে ওই নেপালি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিজিবি সদস্যরা সহযোগিতা করেছেন।






















