মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ নায়েব আলী (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। রোববার (২৮ মে) রাতে উপজেলার কেশরহাট বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব।
সোমবার (২৯ জুন) র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি গোয়েন্দা দল জানতে পারে, মোহনপুর থানার হরিদাগাছি মৌজার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় ইয়াবা ও জাল টাকা মজুদ রাখা হয়েছে। পরে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শহীদুল্লাহর ‘লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেড’-এর অফিস কক্ষ থেকে মোহনপুর উপজেলার বাসিন্দা নায়েব আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মো. শহীদুল্লাহ (রাজু) (৫৫) কৌশলে পালিয়ে যান।
র্যাব জানায়, গ্রেপ্তার নায়েব আলীর হেফাজত থেকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ৩৮৭ পিস ইয়াবা এবং ৯৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার নায়েব আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার নায়েব আলীর বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক আসামি মো. শহীদুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।




















