রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স
- আপডেট সময় : ১২:২০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স
বাউয়েট প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর শিক্ষার্থীদের দল টিম রেজিলিক্স ‘আইইইই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টারনেট অব থিংস (রাআইকন) ২০২৬’-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া ৩২টি দলের মধ্যে প্রতিযোগিতা করে টিম রেজিলিক্স এ সাফল্য অর্জন করে।
বাউয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী সাইয়েদুল আব্রার, কে. এম. শাফায়াত স্বপনীল ও শাহরিয়ার রশিদকে নিয়ে গঠিত টিম রেজিলিক্সের প্রকল্পের নাম ‘ফ্লাডগার্ড ইনসাইট: স্পেশিওটেম্পোরাল ফ্লাড ইমপ্যাক্ট অ্যান্ড রিসোর্সেস অপ্টিমাইজেশন’।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ প্রকল্পের মাধ্যমে বন্যার স্থানিক ও সময়ভিত্তিক প্রভাব বিশ্লেষণের পাশাপাশি দুর্যোগের সময় প্রয়োজনীয় সম্পদের সর্বোত্তম ব্যবস্থাপনায় কার্যকর সমাধান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
টিম রেজিলিক্সের এ সাফল্যে বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. লুৎফর রহমান দলের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের মেধা, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন।
উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য বাউয়েটের জন্য অত্যন্ত গৌরবের। গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের ক্ষেত্রে বাউয়েটের শিক্ষার্থীরা যে দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিচ্ছে, টিম রেজিলিক্সের এই অর্জন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, টিম রেজিলিক্সের এ সাফল্য বাউয়েটের অন্যান্য শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।



















