শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক
- আপডেট সময় : ১১:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ কালু মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে বাড়ি থেকে বের হওয়া বাদশা মিয়া (২১) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকায় হাশেম হাজির পুকুরে ভাসমান অবস্থায় কালু মিয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া কালীবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। আটক বাদশা মিয়া একই এলাকার কমলউদ্দিনের ছেলে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে মাছ ধরার কথা বলে বাদশা মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হন কালু মিয়া। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সোমবার সকালে নলিয়ারপাড় এলাকার একটি পুকুরে কালুর মরদেহ ভাসছে, এমন খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরল আলম। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যাবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, কালু মিয়ার মৃত্যু স্বাভাবিক, দুর্ঘটনাজনিত নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে-এ মুহূর্তে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।























