বাগাতিপাড়ায় টাকা দিয়েও বৈধ বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা নেই, পল্লী বিদ্যুৎ ঘিরে নানা অভিযোগ
- আপডেট সময় : ১১:০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় টাকা দিয়েও বৈধ বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা নেই, পল্লী বিদ্যুৎ ঘিরে নানা অভিযোগ
মিটার ও খুঁটি স্থাপনের নামে ৭ ও ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ; বিলের কপি ছাড়াই টাকা দাবির কথা বলছেন গ্রাহকরা, তদন্তে কর্তৃপক্ষ
বিদ্যুৎ সংযোগের আশায় কেউ দিয়েছেন ৭ হাজার টাকা, কেউ দিয়েছেন ৩০ হাজার। কিন্তু টাকা দেওয়ার পরও মিটার ও সংযোগের বৈধতা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কয়েকজন গ্রাহক। কারও অভিযোগ, মিটার বসানো হলেও সেটির বৈধ কাগজপত্র নেই। কারও দাবি, খুঁটি স্থাপনের নামে টাকা নিয়ে দেওয়া হয়েছে অবৈধ সংযোগ। আবার একজন গ্রাহকের অভিযোগ, বিদ্যুৎ বিলের কপি না পেয়েও তাকে টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব অভিযোগ উঠেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগাতিপাড়া সাব-জোনাল অফিসকে ঘিরে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগের জন্য সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের পর তাদের একজন ইলেকট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরে ওই ইলেকট্রিশিয়ানের মাধ্যমেই মিটার ও সংযোগের কাজ করান তারা। তবে অভিযুক্ত ইলেকট্রিশিয়ান অভিযোগগুলো অস্বীকার করেছেন। অন্যদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাগুলো তদন্তে একটি কমিটি কাজ করছে।
অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রতিটি মিটার ও সংযোগের বৈধতা যাচাই এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার মোছা. সাথি খাতুনের অভিযোগ, বিদ্যুৎ মিটার দেওয়ার কথা বলে ইলেকট্রিশিয়ান মো. জহুরুল ইসলাম তার কাছ থেকে ৭ হাজার টাকা নেন। প্রায় ছয় মাস পর তার বাড়িতে একটি মিটার স্থাপন করা হলেও সেটি অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছে বলে দাবি তার। ওই মিটারের বিপরীতে তার নামে কোনো বিদ্যুৎ বিলও তৈরি হচ্ছে না।
রেলের জমিতে বসবাসকারী হতদরিদ্র সাথি খাতুন মিটারটির বৈধতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
পৌরসভার লক্ষণহাটি মহল্লার মিজানুর রহমান বলেন, বিদ্যুতের একটি খুঁটি স্থাপনের কথা বলে ইলেকট্রিশিয়ান জহুরুল ইসলাম প্রথমে তার কাছ থেকে ২৫ হাজার টাকা এবং পরে আরও ৫ হাজার টাকা নেন। এক বছর ধরে ঘোরানোর পর অন্য জায়গা থেকে একটি খুঁটি এনে এক স্প্যানের বিদ্যুৎ লাইন নির্মাণ করে দেওয়া হয়।
মিজানুরের অভিযোগ, ওই লাইন ও মিটার অবৈধভাবে স্থাপন করা হয়েছে। মিটার স্থাপনের তিন মাস পেরিয়ে গেলেও তার নামে কোনো বিদ্যুৎ বিল তৈরি হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট খুঁটি ও মিটারের বৈধতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
একই মহল্লার সামিউল ইসলাম অভিযোগ করে বলেন, তার বাড়িতে প্রায় চার মাস আগে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ বিলের কপি পাননি। তার মিটারের ট্র্যাকিং নম্বর ০১২০৬২৬০০৬৬৪ এবং মিটার নম্বর ৪৬২৯৪১৯। মিটারে ৫৯৬ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হলেও বিল না পাওয়ায় বিপাকে পড়েছেন তিনি।
সামিউল আরও অভিযোগ করেন, বিলের কপি না দিয়েই তাকে টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। এমনকি থানা-পুলিশের ভয় দেখানো এবং সাদা কাগজে লিখে টাকা দাবি করার অভিযোগও করেছেন তিনি। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার অনুরোধ করেও প্রতিকার পাননি বলে জানান সামিউল।
তিনটি ঘটনায়ই ইলেকট্রিশিয়ান জহুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, বিদ্যুৎ সংযোগের জন্য প্রথমে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে সেখান থেকে ইলেকট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। পরে তার মাধ্যমেই মিটার ও সংযোগের কার্যক্রম সম্পন্ন করেন তারা।
তবে সব অভিযোগ অস্বীকার করে জহুরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমি ওই গ্রাহকের বাড়িতে যাইনি, ওয়ারিং করিনি এবং তার সঙ্গে কোনো ধরনের লেনদেনও করিনি। তিনি বলেন, এ বিষয়ে অফিস থেকে চিঠির মাধ্যমে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি জবাব দিয়েছেন।
বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. হেলালুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি বলেন, আমরা চাই, অপরাধীরা শাস্তি পাক।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) টিএম মেসবাহ উদ্দিন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাগুলো তদন্ত করছে। তদন্তে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





















