রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৮:১৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
Two arrested, including the mastermind, in connection with the robbery of a betel nut trader in Raninagar

রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার; ছিনতাই হওয়া ৪৫ হাজার ৮০০ টাকা ও দুটি স্মার্টফোনের ঘটনায় মামলা
নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে রক্তাক্ত জখম এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার দুপুরে এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তার দুই সঙ্গী ও ভ্যানচালককে নিয়ে ভ্যানে করে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের ‘চকের ব্রিজ’ এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী তাদের পথরোধ করে।
এ সময় ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে মৃত্যুর ভয় দেখানোর পাশাপাশি তাদের রক্তাক্ত জখম করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার ৮০০ টাকা এবং ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় মামলা করেন।
এসআরবির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) এবং এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম ওরফে সজীব কাজীকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে ইপিজেড মোড় এলাকা থেকে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।




















