গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- আপডেট সময় : ১০:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে পৌর এলাকায় হঠাৎ তীব্র আকার ধারণ করেছে পদ্মা নদীর ভাঙন। নদীর ভাঙনে ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ায় নদীপাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ও উৎকণ্ঠা।
ভাঙন পরিস্থিতি দেখতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ক্ষতিগ্রস্ত কুঠিপাড়া, সারাংপুর ও সুলতানগঞ্জ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিল ল রিফর্ম কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। তারা ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।
কুঠিপাড়া এলাকার বাসিন্দা আফজাল সরকার বলেন, নদী যেভাবে এগিয়ে আসছে, তাতে আমরা চরম আতঙ্কে আছি। আমার যা কিছু ছিল, সবই নদীগর্ভে বিলীন হওয়ার পথে। শেষ সম্বলটুকু হারিয়ে গেলে পরিবার-পরিজন নিয়ে কোথায় যাব, তা ভেবে পাচ্ছি না।
স্থানীয়দের মতো আরও অনেক পরিবার ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।
ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে ইউএনও ইসরাত জাহান বলেন, পৌর এলাকার ভাঙন পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে চেষ্টা চলছে।
পরিদর্শনকালে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনও স্থানীয়দের আশ্বস্ত করেন। তিনি ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
এলাকাবাসীর দাবি, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন। তা না হলে গোদাগাড়ী পৌর এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রাম ও স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।



















