নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ০৯:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় নারী সংক্রান্ত বিরোধের জেরে মো. আক্তার হোসেন (২৬) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা যুবদলের এক নেতাসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন আহত আক্তার হোসেনের বাবা মো. এরশাদ আলী (৫৫)। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ অভিযান চালিয়ে বাঁশিলা গ্রামের তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান ওরফে জিয়া (৪৫), ছাত্রদল কর্মী মো. শাকিল (২৫) ও ছাত্রদল কর্মী মো. হিমেল (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের আক্কাশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আক্তার হোসেন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সেখানে পৌঁছালে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে পাকা সড়কের ওপর তার ওপর হামলা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাঁশের লাঠি দিয়ে আক্তার হোসেনকে এলোপাতাড়ি মারধর, কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা রাত সোয়া ৯টার দিকে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাত ১১টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানার তদন্ত ইন্সপেক্টর, সেকেন্ড অফিসার এসআই সুব্রত কুমার, এসআই মো. আব্দুল মালেক, এসআই হাসান মাহমুদ, এসআই শাহিন বাদশা, এসআই মেহেদী, এএসআই জাকিরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, ঘটনার পর থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারের ভিত্তিতে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


















