বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা
- আপডেট সময় : ০৬:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা
ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফাগুয়াড় দিয়াড় সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন উপলক্ষে GPMS কর্মপরিকল্পনার আওতায় নাটোর জেলা তথ্য অফিস এ আয়োজন করে।
সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ ও নারীর জন্য গাড়ি নিশ্চিতকরণসহ বিভিন্ন সরকারি কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এমএইচএম রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা তথ্য অফিসার রেজওয়ান মুর্শেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল করিম এবং ইউপিইটিসির ইনস্ট্রাক্টর সরোয়ার মোর্শেদ। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নারী সমাবেশে বক্তারা বলেন, একটি আদর্শ ও সচেতন সমাজ গঠনে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ ও মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচির সুবিধা প্রান্তিক মানুষের জীবনমান পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, সন্তানদের নৈতিক অবক্ষয় রোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবারকে সচেতন হতে হবে। কোনো অবস্থাতেই গুজব ছড়াতে দেওয়া যাবে না। ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিশুদের প্রাথমিক শিক্ষা থেকেই নৈতিকতার ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বক্তারা।
বক্তারা বলেন, মায়েরা সচেতন হলে বাল্যবিবাহ প্রতিরোধসহ ডেঙ্গুর মতো রোগ মোকাবিলা আরও সহজ হবে। কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফের মতো সরকারি সুবিধা কাজে লাগিয়ে কৃষকদের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের একক অভিনয় ও দলীয় নৃত্য পরিবেশন করা হয়।























