শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী
- আপডেট সময় : ১২:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের পৃথক দুটি হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৬ বছর বয়সী দুই কিশোরী। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বিয়ের আয়োজন। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই কিশোরীর অভিভাবককে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা এবং তাতিহাটি ইউনিয়নের প্রত্যন্ত পুটল গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে উপলক্ষে দুই বাড়িতেই অতিথিদের আপ্যায়নের প্রস্তুতি চলছিল। রান্নাবান্নাসহ বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন। দুপুর গড়িয়ে বিকেলে বরযাত্রী আসার কথা ছিল। এরই মধ্যে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ পৃথকভাবে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। পরে প্রশাসনের হস্তক্ষেপে দুটি বিয়ের আয়োজনই বন্ধ হয়ে যায়।
এ সময় বাল্যবিবাহ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক কিশোরীর বাবাকে এবং অপর কিশোরীর মাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরে উভয় কিশোরীর অভিভাবক মেয়েদের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে তারা এ বিষয়ে অঙ্গীকারও করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, অসচেতনতার কারণে অনেক অভিভাবক বাল্যবিয়ের আয়োজন করেন। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।



















