পঞ্চগড়ে ১০ জনকে পুশইনের চেষ্টা ঘিরে জটিলতার অবসান, ৭০ ঘণ্টা পর সরিয়ে নিল বিএসএফ
- আপডেট সময় : ০৩:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ১০ জনকে পুশইনের চেষ্টা ঘিরে জটিলতার অবসান, ৭০ ঘণ্টা পর সরিয়ে নিল বিএসএফ
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান হয়েছে। প্রায় ৭০ ঘণ্টা শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থানের পর রোববার গভীর রাতে তাদের সেখান থেকে সরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (৮ জুন) সকালে সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিন ধরে যেখানে ওই ১০ জন অবস্থান করছিলেন সেখানে আর তাদের উপস্থিতি নেই। একই সঙ্গে সীমান্তে আগে মোতায়েন থাকা বিজিবি ও বিএসএফ সদস্যদের অতিরিক্ত অবস্থানও প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, গত ৫ জুন (শুক্রবার) ভোর থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন ব্যক্তি সীমান্তসংলগ্ন একটি কৃষিজমিতে অবস্থান করছিলেন। বাংলাদেশে পুশইনের চেষ্টাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে তারা দীর্ঘ সময় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করেন। রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের জন্য কোনো ধরনের আশ্রয়ের ব্যবস্থা ছিল না।
স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির পাশাপাশি তারাও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছিলেন। রোববার রাত ১২টার দিকে বিএসএফ সীমান্ত এলাকার ফ্লাডলাইট বন্ধ করে দেয়। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তারা ওই ১০ জনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
এর আগে রোববার দুপুরেও বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষই অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থান নেয়।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বিএসএফ আমাদের সঙ্গে কথা বলে রাত আড়াইটার দিকে তাদেরকে সেখান থেকে নিয়ে গেছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


















