বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ
- আপডেট সময় : ০৮:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১৪ মাস পর ১২ বছর বয়সী এক শিশুকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটিকে অপহরণ ও ভারতে পাচারের অভিযোগে বন্ধন কুমার (২২) নামে এক যুবকসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির নানি।
শনিবার (১২ সেপ্টেম্বর) শিশুটির নানি আছমা খাতুন বাগাতিপাড়া মডেল থানায় এ অভিযোগ করেন। অভিযুক্ত বন্ধন কুমার উপজেলার জামনগর মাঝিপাড়া গ্রামের পল্লী চিকিৎসক শ্রী সুনীলের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা ঢাকায় কর্মরত থাকায় সে জামনগর পশ্চিমপাড়ায় নানির বাড়িতে থেকে পড়াশোনা করত। গত বছরের জুন মাসে বাড়ির পাশ থেকে শিশুটি নিখোঁজ হয়। দীর্ঘদিন খোঁজ না পাওয়ায় ২০২৫ সালের ১২ জুলাই বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
দীর্ঘ প্রায় ১৪ মাস পর চলতি বছরের ২৫ আগস্ট শিশুটি যশোরের মনিহার এলাকা থেকে এক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকায় বাবা-মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর শনিবার পরিবারের সদস্যরা বাগাতিপাড়ায় ফিরে থানায় লিখিত অভিযোগ করেন।
পরিবারের কাছে শিশুটি দাবি করে, নিখোঁজ হওয়ার দিন বন্ধন কুমার তাকে দেড় হাজার টাকা দিয়ে বাড়ির কাছে একটি আমবাগানে যেতে বলে। সেখানে যাওয়ার পর একটি সাদা প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ফুসলিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়।
শিশুটির পরিবারের অভিযোগ, পরে তাকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়। সেখানে একটি পাচারকারী চক্র তাকে দিয়ে বিভিন্ন অবৈধ কাজ করাত বলে শিশুটি পরিবারের কাছে জানিয়েছে। কয়েকবার পালানোর চেষ্টা করেও সে ব্যর্থ হয়। একপর্যায়ে সুযোগ পেয়ে পালিয়ে বাংলাদেশে ফিরে এসে যশোরের মনিহার এলাকা থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
শিশুটির নানি আছমা খাতুন বলেন, নাতি নিখোঁজ হওয়ার পর বন্ধন আমাদের জানিয়েছিল, সে নাকি তাকে তিনটি ভিন্ন রেলস্টেশনে দেখেছে। তখন আমরা তাকে সন্দেহ করিনি। কিন্তু এখন নাতির কাছ থেকে সব শুনে বুঝতে পারছি, সে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করে বন্ধন কুমার বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।























