পঞ্চগড়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা, মার্কেট ও ফুটপাতে ক্রেতাদের উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ১১:২১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা, মার্কেট ও ফুটপাতে ক্রেতাদের উপচে পড়া ভিড়
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পঞ্চগড়ে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। রমজান মাস শেষের দিকে আসতেই জেলার বিভিন্ন মার্কেট ও ফুটপাতে বেড়েছে ক্রেতাদের ভিড়। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। নতুন নতুন কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার পরে সরেজমিনে পঞ্চগড় শহরের বিভিন্ন ছোট-বড় মার্কেট ও ফুটপাত ঘুরে দেখা যায়, শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, ছিট কাপড়, জুতা-স্যান্ডেল ও প্রসাধনী সামগ্রীর দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
পোশাকের দোকানগুলোতে ঈদ উপলক্ষে পুরুষদের জন্য পায়জামা-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, গেঞ্জি ও টি-শার্ট এবং নারীদের জন্য বাহারি ডিজাইনের শাড়ি, থ্রি-পিস, ওয়ান পিস ও কুর্তা বিক্রি হচ্ছে। পাশাপাশি শিশু ও কিশোরদের জন্য আধুনিক ডিজাইনের পায়জামা-পাঞ্জাবি, ফ্রকসহ নানা ধরনের পোশাক পাওয়া যাচ্ছে।
এছাড়াও কসমেটিকস, জুতা, ঘর সাজানোর সামগ্রী ও গহনার দোকানগুলোতেও মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছরগুলোতে রোজার সময় বিকেল কিংবা সন্ধ্যার পর থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি দেখা গেলেও এ বছর দুপুরের আগেই মানুষজন কেনাকাটার জন্য মার্কেট ও ফুটপাতে ভিড় করছেন। এতে করে আগেভাগেই ঈদের বাজারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
ক্রেতারা জানিয়েছেন, কিছু পণ্যের দাম বাড়লেও এবার কেনাকাটায় তারা কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। অন্যদিকে বিক্রেতারা আশা করছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে ঈদের আগে বেচাকেনা আরও বাড়বে।




















