বাগাতিপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল-জরিমানা
- আপডেট সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ২৫০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল-জরিমানা
নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ হৃদয় আহমেদ (২৮) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে। মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
হৃদয় আহমেদ উপজেলার পাঁকা ইউনিয়নের তকিনগর (বানিয়াপাড়া) গ্রামের আকরাম আলীর ছেলে (২৮)।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ২১ ধারা অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন জানান, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। পাশাপাশি কারো কাছে মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা প্রশাসনকে জানাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।



















