পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৭:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু
আটোয়ারীতে চা বাগানে কাজের সময় দুর্ঘটনা, আহত আরও দুই শ্রমিক
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাওয়ার্দী ওই গ্রামের আবু সামাদের ছেলে।
আহতরা হলেন—একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোহরাওয়ার্দীসহ কয়েকজন শ্রমিক চা-পাতা সংগ্রহ করতে বাগানে যান। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহরাওয়ার্দীর মৃত্যু হয়।
এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বজ্রপাতে নিহত শ্রমিকের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।



















