বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা
- আপডেট সময় : ০৬:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২২১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা
গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে গ্রেপ্তার, প্রশাসনের কঠোর অবস্থান
নাটোরের বাগাতিপাড়ায় চলমান মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়ের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন—উপজেলার ফাগুয়ারদিয়াড় গ্রামের আইজ উদ্দিনের ছেলে আমির চান (৩৬) এবং দয়ারাপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের আলাউদ্দিনের ছেলে মাহাবুর রহমান (৪০)।
অভিযান সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে আমির চানকে ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। অন্যদিকে, সকাল ১১টার দিকে মাহাবুর রহমানকে তার বাড়ি থেকে গাঁজা সেবনের সময় প্রায় ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক দুইজনকে উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে ফাগুয়ারদিয়াড় গ্রামের আমির চানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ২১ ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, মাহাবুর রহমানকে একই আইনের ৩৬(৫) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি, কারও কাছে মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা প্রশাসনকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।



















