লালপুরে ‘ইমো হ্যাকার’ সাগর স্বস্ত্রীক গ্রেফতার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার
- আপডেট সময় : ১২:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

লালপুরে ‘ইমো হ্যাকার’ সাগর স্বস্ত্রীক গ্রেফতার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার
মাদকসহ আটক দম্পতি, জব্দ মোটরসাইকেল ও ৫টি মোবাইল; সাইবার মামলাতেও গ্রেফতার দেখানোর আবেদন
নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে কথিত ‘ইমো হ্যাকার’ হিসেবে পরিচিত সাইদ হাসান সাগর (৩৩) ও তার স্ত্রীকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকের লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুনসুপ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, উপজেলার মোমিনপুর উত্তরপাড়া এলাকায় মো. সামসের মোল্লার বাড়ির সামনে গ্রামীণ সড়কে অভিযান চালিয়ে সাগর ও তার স্ত্রীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ‘ইমো হ্যাকিং’ কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং নগদ ৯১০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাগর (৩৩), পিতা ইমরান আলী ও তার স্ত্রী (২৫), উভয়ের বাড়ি বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া এলাকায়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে সাগরের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় (লালপুর থানার মামলা নং-১৯, তারিখ ১৯/০৪/২০২৬) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ১৭(১)(ক)(খ)/২৭ ধারায় গ্রেফতার দেখানোর আবেদন আদালতে পাঠানো হয়েছে।
থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে জানা গেছে, সাগরের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৭ সালে মারামারি ও হত্যাচেষ্টা, ২০২৩ সালে চোরাই মালামাল সংক্রান্ত এবং ২০২৫ সালে ঢাকার গুলশান থানায় প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



















