সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত
- আপডেট সময় : ০২:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত
নাটোরের সিংড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ড্রাম ট্রাকের পেছনে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো লিমিটেডের কর্মচারী আব্দুল মজিদের মৃত্যু হয়েছে। এ সময় কাভার্ড ভ্যানটির চালক ২৪ বছর বয়সী শাহাদাত হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫৯ বছর বয়সী নিহত আব্দুল মজিদ নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকার মৃত একদেলের ছেলে। তিনি প্রাণ এগ্রো লিমিটেডের কর্মচারী ছিলেন। আহত কাভার্ড ভ্যান চালক শাহাদাত হোসেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় রাস্তার পাশে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়া থেকে নাটোরগামী প্রাণ এগ্রো লিমিটেডের পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে থাকা প্রাণ এগ্রো লিমিটেডের কর্মচারী আব্দুল মজিদ ঘটনাস্থলেই নিহত হন। একই সময় চালক শাহাদাত হোসেন কেবিনের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে ঝলমলিয়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি জাকির হোসেন।


















