সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
- আপডেট সময় : ০৩:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
আদাতলা সীমান্তে ভোররাতে ঘটনা, সীমান্তে নজরদারি জোরদারের কথা জানিয়েছে বিজিবি
নওগাঁর সাপাহারে আদাতলা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বুধবার (২৪ জুন) ভোরে উপজেলার আদাতলা সীমান্তের উত্তর পাতাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে।
খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিজিবি সদস্যরা সীমান্তের শূন্যরেখার (জিরো লাইন) কাছে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। বর্তমানে ওই সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।”
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


















