চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ
- আপডেট সময় : ০৮:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ
গোরস্থানে অভিযান চালিয়ে ১০ প্যাকেট হেরোইন উদ্ধার, কাউকে আটক করতে পারেনি এসআরবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাজীপাড়া গোরস্থান থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫, রাজশাহী) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট বাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের গোরস্থানে অভিযান চালানো হয়। সেখানে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আভিযানিক দল।
রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সাক্ষীদের উপস্থিতিতে গোরস্থানের ভেতরে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত কালো কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে সাদা স্বচ্ছ পলিপ্যাকে মোড়ানো ১০টি প্যাকেটে মোট ১ দশমিক ০৩৩ কেজি (১ কেজি ৩৩ গ্রাম) হেরোইন পাওয়া যায়।
অভিযানকালে ঘটনাস্থল বা আশপাশে সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।
উদ্ধার করা হেরোইন ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।






















