রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
রাজশাহী প্রতিনিধিঃ
দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি কমানো এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সারাদেশে এক লাখ তালগাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে রাজশাহী অঞ্চলের কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
কর্মসূচির আওতায় রাজশাহীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ পদ্মার পাড়ের বিভিন্ন এলাকায় এসব তালগাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ ওয়াসি পারভেজ, সিজিইডির নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আমীরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এক লাখ তালগাছের চারা রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এ সময় রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তালগাছের চারা তুলে দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
আয়োজকেরা জানান, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানো এবং নতুন প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে এক লাখ তালগাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় একটি দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।



















