রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২
- আপডেট সময় : ০৬:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২
মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পূজা মন্দির কমিটির সহ-সভাপতিসহ দুজনকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে রায়হান নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ত্রিমোহনী শ্রী শ্রী কালীমাতা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ত্রিমোহনী শ্রী শ্রী কালীমাতা মন্দির কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহা (৪৫) এবং একই গ্রামের অসীম চন্দ্র সাহা (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করেন।
আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রায়হান মন্দিরের সামনে এক নারীকে উত্ত্যক্ত করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাকে বাধা দিলে তাদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরে তিনি ঘটনাস্থল থেকে চলে যান। কিছুক্ষণ পর রায়হান আবার সেখানে ফিরে এসে স্থানীয়দের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে বিকাশ চন্দ্র সাহার উরুতে এবং অসীম চন্দ্র সাহার হাতের তালুতে আঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ছাড়া নাটোর ক্যাম্পের এসআরবি সদস্যরাও সেখানে যান। তারা জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, ছুরিকাঘাতের ঘটনায় মঙ্গলবার রাতেই রায়হানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।






















