লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত
- আপডেট সময় : ০৯:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে দ্রুতগতির স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের বাঘা-লালপুর হাইওয়ে সড়কের বেরিলাবাড়ী মৌজায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের মো. সাজদারের ছেলে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে বৃষ্টির সময় বেরিলাবাড়ী মৌজায় জনৈক কালামের আমবাগানের পাশে পাকা সড়কে বাঘামুখী যাত্রীসহ একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় অটোরিকশাচালক শাহজাহান গাড়িটির ডান পাশে পর্দা লাগাচ্ছিলেন। এ সময় লালপুর দিক থেকে বাঘার দিকে দ্রুতগতিতে আসা বড় স্যালো ইঞ্জিনচালিত একটি স্টিয়ারিং স্যালোগাড়ি অসাবধানতাবশত দাঁড়িয়ে থাকা শাহজাহানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
ওসি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জিডিমূলে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।























