সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নতুন ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বলেন, “বৃক্ষ আমাদের প্রকৃত বন্ধু। বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই বৃক্ষ আমাদের জীবন ও বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন। পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে নতুন ক্যাম্পাসকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব শিক্ষা-পরিবেশ হিসেবে গড়ে তোলা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক, নাটোর শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. বিশারত আলী।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিরা।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষে বাউয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মো. আল আমিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।




















