পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫
- আপডেট সময় : ১১:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫
সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিল এলাকায় শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে; আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পাবনা প্রতিনিধিঃ
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), শাহজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আবদুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে একদল মানুষ ঝপঝপিয়া বিল এলাকায় মাছ ধরতে পানিতে নামেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ প্রবল বজ্রপাত হলে বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বিকেলে সোনাপাতিলা বিলে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা আকস্মিক বজ্রপাতের শিকার হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে যান। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





















