উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং
- আপডেট সময় : ০৮:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং
চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও এনআইসিভিডির চিকিৎসকদের অংশগ্রহণে ২ হাজার ৮০০ নিবন্ধিত শিশুকে দেওয়া হবে সেবা
উত্তরাঞ্চলে প্রথমবারের মতো শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় বিশেষ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী। আগামী বুধবার (২২ জুলাই) থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রতিষ্ঠানটিতে বিনামূল্যে স্ক্রিনিং ও চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ কার্যক্রমে অংশ নেবেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরের বাকির মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান জানান, তিন দিনব্যাপী এ কার্যক্রমে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ (স্ক্রিনিং) এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। এ উপলক্ষে ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে রাজশাহী অঞ্চলের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২ হাজার ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে।
তিনি বলেন, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। যেসব শিশুর জন্মগত হৃদরোগ শনাক্ত হবে, তাদের রোগের ধরন ও জটিলতা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দেবেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি), ঢাকায় পাঠানো হবে। বিশেষ ক্ষেত্রে চীনে চিকিৎসার ব্যবস্থাও করা হতে পারে।
এ চিকিৎসা কার্যক্রমে অংশ নিতে চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল, চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেস থেকে ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজশাহীতে আসছে। পাশাপাশি এনআইসিভিডির পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের আট সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও সেবা প্রদান করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের জন্মগত হৃদরোগ দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা। এর মাধ্যমে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি হার্ট ফেইলিউর, গুরুতর জটিলতা এবং অকাল মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, সহসভাপতি হাসান আলী, পরিচালক ও চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. রইস উদ্দিন মণ্ডল, পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. লিয়াকত আলী, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন, এনামুল হক এবং প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















