বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা
- আপডেট সময় : ০৬:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা
প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নাধীন ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা বন কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ’র সার্বিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাগাতিপাড়া উপজেলা বন বিভাগ সূত্রে জানা যায়, আগামী ৩০ জুনের মধ্যে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১০ হাজার, পৌরসভা এলাকায় ২ হাজার এবং উপজেলা পরিষদের মাধ্যমে আরও ৫০০ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। মোট ১২ হাজার ৫০০টি চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক বলেন, ব্যাপক বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে সহায়তা করে। একই সঙ্গে বায়ুর গুণগত মান উন্নত করে, জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
তিনি পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের স্বার্থে সকলকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।



















