রাজশাহীতে স্ত্রী হ’ত্যার অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন
- আপডেট সময় : ০১:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে স্ত্রী হ’ত্যার অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন
দাম্পত্য কলহের জেরে হ’ত্যার পর আ’ত্মহত্যার চেষ্টা—পুলিশের প্রাথমিক ধারণা
রাজশাহীতে স্ত্রীকে হ’ত্যার অভিযোগে সাংবাদিক কামাল মালিকের (৫৫) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিহতের ছোট ভাই শাহাদত হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় কামাল মালিককে একমাত্র আসামি করা হয়েছে।
কামাল মালিক রাজশাহীর স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ-এর উপসম্পাদক। ঘটনার পর থেকে তিনি পুলিশ পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নগরীর হড়গ্রাম বাজার এলাকায় একটি তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে যায়। ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ।
ভেতরে ঢুকে পুলিশ দেখতে পায়, কামাল মালিক বিছানায় পড়ে আছেন। তার হাত ও পায়ে জখমের চিহ্ন ছিল এবং তিনি এক ধরনের রাসায়নিক দ্রব্য পান করেছিলেন। অপরদিকে, ঘরের মেঝেতে পড়ে ছিল তার স্ত্রী রওশন আরার (৫০) নিথর দেহ। তার গলায় কাপড় প্যাঁচানো ছিল।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় কামাল মালিককে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রোববার দুপুর পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, দাম্পত্য কলহের জেরে কামাল মালিক তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, শনিবার রাতে নিহত নারীর ভাই শাহাদত হোসেন বাদী হয়ে তার দুলাভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আসামি বর্তমানে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে রামেক হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, কামাল মালিক বর্তমানে শঙ্কামুক্ত। তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুরোপুরি সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।




















