বাঘায় খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ, বাগাতিপাড়ার দুই যুবক গণধোলাইয়ের পর আটক
- আপডেট সময় : ০২:১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২১১ বার পড়া হয়েছে

বাঘায় খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ, বাগাতিপাড়ার দুই যুবক গণধোলাইয়ের পর আটক
বাঘা (রাজশাহী) প্রতিনিধিণঃ
রাজশাহীর বাঘায় একটি বাড়িতে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এক গৃহবধূর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে ভুক্তভোগী গৃহবধূ আরিফা বেগম তিনজনকে আসামি করে বাঘা থানায় একটি এজাহার দায়ের করেন।
অভিযুক্তরা হলো, বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হাসিবুল হাসান (২৪), মারিয়া উত্তরপাড়া গ্রামের হাকিম উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৩) এবং গালিমপুর গ্রামের মৃত দুলালের ছেলে শিমেল (২৪)।
থানায় দায়ের করা আরিফা বেগমের এজাহারে উল্লেখ করা হয়, বুধবার (৫ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে হাসিবুল হাসান নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আরিফা বেগমের বাড়িতে প্রবেশ করে। পরে সোহেল রানা ও শিমেল সেখানে যোগ দেয়। অভিযোগ রয়েছে, তারা আরিফা বেগমের স্বামীকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে ধরে নিয়ে যাওয়ার হুমকিও দেয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে অভিযুক্তরা তল্লাশির নামে ঘরের আসবাবপত্র এলোমেলো করে ফেলে। পরে আরিফা বেগমের ছোট একটি পার্সে থাকা প্রায় ৬০ হাজার টাকা এবং একটি রেডমি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় বাকি টাকা পরদিন দেওয়ার জন্য চাপ দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে হাসিবুল হাসান ও সোহেল রানা আবার বাকি টাকা নিতে ওই বাড়িতে যান। এ সময় তারা আরিফা বেগমের স্বামীর খোঁজ করে এবং খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এতে আরিফা বেগম চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে হাসিবুল হাসান ও সোহেল রানাকে আটক করে গণধোলাই দেন। তবে শিমেল পালিয়ে যেতে সক্ষম হন।
খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে হেফাজতে নেয়। পুলিশ তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি পিস্তলের কভার এবং একটি লাল রঙের Apache RTR 160 4V মোটরসাইকেল জব্দ করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আটক দুজনকে শুক্রবার (৭ আগস্ট) আদালতে পাঠানো হবে।















