রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নি-হত ২, চৌদ্দপাইয়ে সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৪:২১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ২৮৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নি-হত ২, চৌদ্দপাইয়ে সড়ক অবরোধ
গোদাগাড়ীতে সাইকেল আরোহী এবং নগরীতে অটোরিকশাচালক নিহত; উত্তেজিত জনতার অবরোধে আধাঘণ্টা যান চলাচল বন্ধ
রাজশাহী নগরী ও গোদাগাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ীতে বাসচাপায় সাইকেল আরোহী কালু (৫৫) নিহত হন। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীতে বালু বোঝাই ট্রাকচাপায় শহিদুল ইসলাম (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হন।
গোদাগাড়ী উপজেলার কাশিমপুর এলাকার ওয়েজ উদ্দিনের ছেলে কালু প্রতিদিনের মতো সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। কাশিমপুর এলাকায় পৌঁছালে ‘রহনপুর ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
অন্যদিকে রাজশাহী নগরীর শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার সাইদের মোড়ের বাসিন্দা শহিদুল ইসলাম এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর ছড়িয়ে পড়লে রাত পৌনে ১০টার দিকে চৌদ্দপাই এলাকায় উত্তেজিত জনতা রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করে। প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাস্তা স্বাভাবিক করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।”
নগরীর ঘটনায় মতিহার থানার ওসি আবদুল মালেক জানান, “ট্রাকচাপায় মৃত্যুর পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।”
কাটাখালী থানার ওসি আবদুল মতিন জানান, নিহত শহিদুলের পরিবার লিখিতভাবে জানিয়েছে তারা মামলা করতে চান না।




















