রাজশাহীতে শাটডাউনের প্রভাব নেই, কড়া নজরদারিতে আইন-শৃঙ্খলা বাহিনী
- আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ২৭৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে শাটডাউনের প্রভাব নেই, কড়া নজরদারিতে আইন-শৃঙ্খলা বাহিনী
নগরীর প্রবেশমুখে তল্লাশি, সিআরটি–র্যাবের টহল; বিশেষ অভিযানে আটক ৯
মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজশাহীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকে নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
নগরীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে পুলিশি চৌকি বসানো হয়েছে। সন্দেহভাজনদের দেহ তল্লাশি এবং গাড়ি তল্লাশিও জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট সিআরটি দিনের বিভিন্ন সময়ে টহল দিচ্ছে। র্যাব সদস্যরাও মাঠে নেমে নিরাপত্তা নিশ্চিত করছেন।
এছাড়া সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গতরাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম জানিয়েছেন, “বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”
অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘোষণা উপলক্ষে আওয়ামী লীগের ডাকা শাটডাউন রাজশাহীর জনজীবনে কোনো প্রভাব ফেলেনি। নগরী ও জেলায় স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। অফিস-আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানেও কার্যক্রম ছিল স্বাভাবিক।




















