বাগাতিপাড়ায় ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহত ইজিবাইক চালকের মৃত্যু
- আপডেট সময় : ০৬:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৮১৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহত ইজিবাইক চালকের মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত ইজিবাইক চালক আলাল (৪১) মারা গেছেন। মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলাল নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আলাল নাটোরের তেবাড়িয়া থেকে তার ইজিবাইকে করে কয়েকজন যাত্রী নিয়ে বাগাতিপাড়ার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে জিগরী বাজার পার হয়ে তমালতলা যাওয়ার পথে বিল গোপালহাটি এলাকায় ফিরোজের বাড়ির কাছে ইজিবাইক ছিনতাইয়ের জন্য ধাড়ালো অস্ত্র দিয়ে তার গলায় ও পেটে আঘাত করে রক্তাত জখম করে ছিনতাইকারীরা। এ সময় পুলিশের গাড়ির আলো দেখতে পেয়ে তারা পালিয়ে যায়।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বেনজির আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের বিল গোপালহাটি এলাকায় বাগাতিপাড়া-নাটোর আঞ্চলিক সড়কে ধারে একটি ইজিবাইক কাত হয়ে পড়ে থাকতে দেখে থানা পুলিশের টহল টিম। সেখানে গিয়ে তারা গুরুত্বর রক্তাত জখম অবস্থায় আলালকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। আলালের শারীরিক অবস্থা খারাপ দেখে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। রাকেম হাসপাতালে মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জরিতদের সনাক্ত করে আটকের জন্য কাজ শুরু করেছে পুলিশ।
এর আগে এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আলালের বোন মোছাঃ রাবিয়া বেগম বাদি হয়ে বাগাতিপাড়া থানায় অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্দে একটি মামলা দায়ের করেন বলেও জানায় ওসি তদন্ত বেনজির আহমেদ।



















