বোদা-মাড়েয়া সড়কে খানাখন্দ, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারী ও যানবাহন
- আপডেট সময় : ০৭:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

বোদা-মাড়েয়া সড়কে খানাখন্দ, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারী ও যানবাহন
কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় বেহাল সড়ক; প্রকল্প অনুমোদন হলে দেড় মাসের মধ্যে কাজ শুরুর আশ্বাস এলজিইডির
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা-মাড়েয়া সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকেরা। সড়কজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা যায়, বোদা বাইপাস থেকে মাড়েয়া বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। সড়কটি বোদা থেকে মাড়েয়া হয়ে দেবীগঞ্জ উপজেলার অভ্যন্তরে প্রবেশ করেছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোদা বাইপাস থেকে মাড়েয়া বাজার পর্যন্ত সড়কটির দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। এ পথে বালু, পাথর ও কৃষিপণ্য পরিবহনে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করে। বড় গর্ত পার হতে চালকদের গাড়ি থামিয়ে ধীরে ধীরে এগোতে হয়। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয়দের দাবি, কয়েক বছর ধরে সড়কটির কার্যকর সংস্কার না হওয়ায় পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বৃষ্টির পানি ও ভারী যানবাহনের চাপে সড়কের বিভিন্ন অংশ আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
মাড়েয়া ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা বদিউজ্জামান বলেন, এই সড়কটি কতবার যে ঠিক করা হয়েছে, কিন্তু টেকে না। টেকসই সংস্কার না হলে কিছুদিন পরপর একই দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের।
এ বিষয়ে পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম বলেন, মাড়েয়ার এই সড়কটির বিষয়ে আমি প্রকল্প পরিচালককে (পিডি) বলেছি। শিগগিরই প্রকল্পের অনুমোদন হলে দেড় মাসের মধ্যে কাজ শুরু করা যাবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার করে পথচারী ও যানবাহন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।


















