রামগঞ্জে বিআরটিসি বাসের চাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত
- আপডেট সময় : ১১:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

রামগঞ্জে বিআরটিসি বাসের চাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত
মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা; বাসচালকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ, দীর্ঘ যানজট
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিআরটিসি বাসের চাপায় সাকিব ব্যাপারী (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি সম্প্রতি আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। রোববার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের এনায়েতপুর এলাকার আনিছুর রহমানের একমাত্র ছেলে। তিনি রায়পুর কারামতিয়া ফাজিল মাদ্রাসা থেকে এবার আলিম পাস করেন। পড়াশোনার পাশাপাশি রামগঞ্জের ‘লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট’ নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় একটি দ্রুতগতির বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ঘ ১৫৫৬৭৯) তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাসচালককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে রামগঞ্জের প্রধান সড়কে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। তারা সড়ক অবরোধ ও মানববন্ধন করেন। এতে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।














