বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত, ১১ জন পেলেন ১০ লাখ ৪০ হাজার টাকার ঋণ
- আপডেট সময় : ০৯:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত, ১১ জন পেলেন ১০ লাখ ৪০ হাজার টাকার ঋণ
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন; তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট দপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক আকবর আলী খান, বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, থানা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রশিদ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিদ্ধ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মহিলা দলের নেত্রী আইভি রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান এবং বাগাতিপাড়া পৌরসভার সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন। এ ছাড়া বিভিন্ন যুব সংগঠনের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। আজকের তরুণরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও সমাজ উন্নয়নে নেতৃত্ব দেবে। তাই বেকারত্ব দূর করতে শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের দক্ষতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ ও আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, সরকার প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে পারলেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১১ জন যুবকের মধ্যে মোট ১০ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট দপ্তর প্রধান জানান, তিন দিনব্যাপী যুব দিবসের কর্মসূচির প্রথম দিনে র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। দ্বিতীয় দিনে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং তৃতীয় দিনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে।














