নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ
- আপডেট সময় : ০৮:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ
ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া ও সোহাগী বাজারসংলগ্ন বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটার দায়ে মো. জসিম উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া ও সোহাগী বাজারসংলগ্ন বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত জসিম উদ্দিন নওগাঁর আত্রাই উপজেলার ধুলাউড়ি গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে। তিন ফসলি জমির মাটি কাটার দায়ে সংশ্লিষ্ট আইনে তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্বে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, কৃষিজমি, বিশেষ করে তিন ফসলি জমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


















