এক পাতা থেকে দুই গাছ, ছয় বছর পর একই রাতে ফুটল দুই নাইট কুইন
- আপডেট সময় : ০৪:১৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

এক পাতা থেকে দুই গাছ, ছয় বছর পর একই রাতে ফুটল দুই নাইট কুইন
চাচা-ভাতিজার বাড়িতে বিরল ফুলের সৌন্দর্য দেখতে ভিড় স্বজন-প্রতিবেশীদের; ছবি তুলে স্মরণীয় করে রাখলেন সবাই
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
রাতের আঁধারে সৌন্দর্যের পসরা সাজিয়ে ফুটেছে সৌন্দর্যের রানী হিসেবে পরিচিত নাইট কুইন। ক্ষণস্থায়ী সৌন্দর্য আর মিষ্টি সুবাসে মুগ্ধ করেছে সবাইকে। দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর একই রাতে চাচা ও ভাতিজার বাড়ির দুটি গাছে ফুটেছে দুটি নাইট কুইন ফুল। বিরল এই দৃশ্য উপভোগ করতে পরিবারের সদস্যদের পাশাপাশি ভিড় করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ছবি তুলে মুহূর্তটি স্মরণীয় করে রাখেন তারা।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে নাটোরের বাগাতিপাড়া পৌরসভার নওশেরা মহল্লায় সাংবাদিক আল-আফতাব খান সুইট (৪৬) ও তার চাচা ব্যবসায়ী আলাউল আলম খান লাবলুর (৬৩) বাড়িতে দেখা মেলে মনোমুগ্ধকর এই দৃশ্যের।
জানা গেছে, প্রায় ২১ বছর আগে নিজের বাড়িতে নাইট কুইন গাছটি রোপণ করেন সাংবাদিক আল-আফতাব খান সুইট। রোপণের তিন বছর পর গাছটিতে প্রথম কুঁড়ি এলেও শেষ পর্যন্ত ফুল ফোটেনি। এরপর দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পর গাছটিতে প্রথমবারের মতো দুটি ফুল ফুটেছিল। সেই ফুল ফোটার ছয় বছর পর আবারও কুঁড়ি আসে গাছটিতে। প্রায় সাত দিন আগে কুঁড়ি দেখা দেওয়ার পর থেকেই ফুল ফোটার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা।
অন্যদিকে, ছয় বছর আগে নিজের গাছের একটি পাতা থেকে চারা তৈরি করে চাচা আলাউল আলম খান লাবলুর বাড়িতে রোপণ করেন সুইট। সেই পাতা থেকে বেড়ে ওঠা গাছটিতেও এবার প্রথমবারের মতো ফুলের কুঁড়ি আসে। ফলে একই সময়ে চাচা-ভাতিজার দুটি গাছে কুঁড়ি আসায় দুই পরিবারের আনন্দ বেড়ে যায়। অবশেষে সোমবার রাতে একই সময়ে দুটি গাছে একটি করে ফুল ফোটে।
নাইট কুইনের পাশাপাশি সুইটের বাড়ির ছোট্ট বাগানে রয়েছে দেশি গোলাপ, থাই গোলাপ, ইরানি গোলাপ, রজনীগন্ধা, চায়না গোলাপ, দোলনচাঁপা, শিউলি ও হাসনাহেনাসহ নানা জাতের ফুলের গাছ। ফুলের প্রতি ভালোবাসা থেকেই তিনি বাড়িতে এই বাগান গড়ে তুলেছেন। শুধু তাই নয় বাড়িতে ঢুকতেই সুভাষ ছড়াচ্ছে সুগন্ধি কামিনী ও বেলি ফুল।
সাংবাদিক আল-আফতাব খান সুইট বলেন, ২১ বছর আগে এক আত্মীয়ের বাড়ি থেকে নাইট কুইন গাছটি এনে নিজের বাড়িতে রোপণ করেছিলেন। ১৫ বছর আগে একবার গাছটিতে দুটি ফুল ফুটেছিল। নাইট কুইন ফুলের প্রতি তার আলাদা ভালো লাগা রয়েছে। ছয় বছর আগে গাছের একটি পাতা চাচার বাড়িতে রোপণ করেছিলেন। এবার আশ্চর্যজনকভাবে দুটি গাছেই একই সময়ে কুঁড়ি আসে। কুঁড়ি আসার প্রায় সাত দিন পর সোমবার রাতে একই সময়ে দুটি ফুল ফুটতে দেখে তারা সবাই আনন্দিত হন। পরিবারের সদস্য ও আশপাশের মানুষ একসঙ্গে ফুলের সৌন্দর্য উপভোগ করেছেন এবং ছবি তুলেছেন।
সুইটের চাচা আলাউল আলম খান লাবলু বলেন, দুটি গাছে একসঙ্গে কুঁড়ি আসায় তারা খুবই আনন্দিত ছিলেন। ফুল দুটি কখন ফুটবে, তা দেখার জন্য পরিবারের সবাই অপেক্ষা করছিলেন। অবশেষে একই রাতে ফুল দুটি ফুটেছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও বিষয়টি জানতে পেরে আগ্রহ নিয়ে ফুল দেখতে এসেছেন। ফুলের সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়েছেন।
নওশেরা মহল্লার প্রতিবেশী সেহাগ বলেন, একই রাতে দুটি গাছে এমন ফুল ফোটা সত্যিই আনন্দের বিষয়। নাইট কুইন সাধারণত অনেক বছর পর ফোটে এবং অল্প সময়ের মধ্যেই এর সৌন্দর্য হারিয়ে যায়। তাই এমন দৃশ্য দেখার সুযোগ সচরাচর মেলে না। ফুল দুটি দেখতে পেরে তারা খুবই আনন্দিত।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ডা. ভবসিন্ধু রায় বলেন, নাইট কুইন ফুল সাধারণত রাতে ফোটে এবং অল্প সময়ের মধ্যেই ঝরে যায় বা সৌন্দর্য হারায়। এ কারণে ফুলটিকে ঘিরে মানুষের আগ্রহও বেশি। বছরের পর বছর অপেক্ষার পর চাচা-ভাতিজার দুটি গাছে একই রাতে ফুল ফোটার ঘটনা বাগাতিপাড়ার নওশেরা মহল্লায় তৈরি করেছে আনন্দঘন ও স্মরণীয় মুহূর্ত।



















